রাজশাহী কলেজের ৩৪২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
রাজশাহী কলেজের ৩৪২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
রাজশাহী কলেজ এবং এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ আয়োজনে “রাজশাহী কলেজ এলামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রবিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।
শুরুতে অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে বিএনসিসি দল অতিথিদের গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে মেডিকেল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, মেরিন একাডেমি ও বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) লং কোর্সে ভর্তির সুযোগ পাওয়া রাজশাহী কলেজের ৩৪২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে মেধাবী ১০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে প্রকাশিত ‘কোয়াক’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী। অনুভূতি ব্যক্ত করেন ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ফাতেমা সিদ্দিকা, বুয়েটে চান্সপ্রাপ্ত হাসিনুল ইসলাম সৃজন ও তাসনিয়া তিথি এবং দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রাব্বি।
আরও বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক ডা. তাহমিনা শামীম তাসু।
অনুষ্ঠান শেষে রাজশাহী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন রাসিক প্রশাসক। তার সঙ্গে ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।