রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) জাতীয় নগর নীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগর ভবনের সিটি হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (টঘউচ)-এর উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
দুই দিনব্যাপী এই কর্মশালায় জাতীয় নগর নীতি ২০২৫, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নগর সেবা প্রদানে জনগণের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা ও ধারণা প্রদান করা হবে। কর্মশালায় প্রথম দিনে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণমূলক পদ্ধতি, নগর সেবায় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার আলোকে অন্তর্ভুক্তিমূলক নগর সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন এবং চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শিহাব উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের সমাজ কল্যান ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি প্রফেসর জসিম উদ্দিন। প্রশিক্ষণ সঞ্চালনা করেন ইউএনডিপির জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন।