কোরবানীর মাংস সংরক্ষণ ও বর্জ্য অপসারণে রাসিক পরিবেশবান্ধব ব্যাগ দিচ্ছে

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২১ মে ২০২৬, ০১:৫৯ পিএম আপডেট : ২১ মে ২০২৬, ০৪:০১ পিএম ২৫ বার পঠিত
কোরবানীর মাংস সংরক্ষণ ও বর্জ্য অপসারণে রাসিক পরিবেশবান্ধব ব্যাগ দিচ্ছে

কোরবানীর মাংস সংরক্ষণ ও বর্জ্য অপসারণে রাসিক পরিবেশবান্ধব ব্যাগ দিচ্ছে

দৈনিক রাজশাহী
২১ মে ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক)  প্রশাসকের উদ্যোগে বিনামূল্যে পরিবেশবান্ধব ননপ্লাস্টিক ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর দরগাপাড়ায় এ কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির মাংস সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে এবারই প্রথম এই উদ্যোগ নিয়েছে রাসিক। কয়েকজনের হাতে ব্যাগ ও ব্লিচিং পাউডার দিয়ে উদ্বোধনের পর দরগাপাড়ার বাড়ি বাড়ি গিয়ে ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করেন তিনি। প্রসঙ্গত, নগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রত্যেক মুসলিম পরিবারে এই ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হবে। 

রাসিক প্রশাসক গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা হবে। এছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির মাংস সংরক্ষণে প্রতিটি মুসলিম পরিবারকে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ প্রদান করা হচ্ছে। পাশাপাশি গরু বা মহিষ কোরবানিদাতার জন্য ২টি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতার জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা মাটিতে ফেলে রাখলে পচে মাটিতে মিশে যাবে। নগরীকে পলিথিনমুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করছি। 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি সম্পন্ন করেছি। সকলের সহযোগিতায় ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন।’ তিনি নগরবাসীকে ড্রেনের উপর পশু জবেহ এবং ড্রেনে পশুর রক্ত ও বর্জ্য ফেলার পরিবর্তে রাসিক প্রদত্ত ব্যাগে রাখতে হবে। যাতে রাসিকের পরিচ্ছন্ন কর্মীরা দ্রুত সেগুলো সংগ্রহ ও অপসারণ করতে পারে। পশুর রক্ত ও বর্জ্যর স্থানে ব্লিচিং পাউডার ছিটাতে হবে।’ এসময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা ও জয়নাল আবেদীন শিবলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।