ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা তৈরিতে রামেক হাসপাতালের র‍্যালি

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:২৫ পিএম আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:১২ পিএম ১৯ বার পঠিত
ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা তৈরিতে রামেক হাসপাতালের র‍্যালি

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা তৈরিতে রামেক হাসপাতালের র‍্যালি

দৈনিক রাজশাহী
০৬ জুন ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

“আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মচারীরা।

র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। ‘ডেঙ্গুমুক্ত রাজশাহী’ এবং ‘ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এখন থেকে প্রতি শনিবার সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

বিভাগীয় কমিশনার বলেন, রোগ ছড়িয়ে পড়ার আগেই তা নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সে লক্ষ্যেই প্রতি শনিবার অফিস-আদালত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চলবে। এই কর্মসূচি শুধু শহর বা সরকারি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না, বরং ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও বিস্তৃত করা হবে। একই সঙ্গে বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোও এ কার্যক্রমের আওতায় আনা হবে।

নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ির আঙিনা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ কার্যক্রমে গণমাধ্যমকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

র‍্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।