ডেঙ্গু প্রতিরোধে রাসিকের জনসচেতনামূলক র‌্যালি

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:২৭ পিএম আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:১৩ পিএম ২৮ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের জনসচেতনামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের জনসচেতনামূলক র‌্যালি

দৈনিক রাজশাহী
০৬ জুন ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে জনসচেতনমূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় নগর ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে দড়িখরবোনা মোড় ও কাদিরগঞ্জ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। র‌্যালি শেষে নগর ভবন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। নগরবাসীকে নিজেদের পরিবার ও আবাসস্থল নিরাপদ রাখতে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করছে। ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে কর্পোরেশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে হাম-রুবেলা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই মশক নিধনে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম শুরু করা হবে।

র‌্যালিতে অংশ নেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, সিডিসির সদস্য, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী এবং রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।