বিশ্ব নৃত্য দিবসে নিক্বণের বর্ণিল আয়োজন

শাহিনুর রহমান সোনা, রাজশাহী: বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজশাহীতে নৃত্যের আবহে মুখর হয়ে উঠেছিল এক প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। নৃত্য, আলোচনা ও সৃজনশীল পরিবেশনার সমন্বয়ে জমকালো আয়োজন করে উত্তরাঞ্চলের নৃত্যশিল্পের অন্যতম সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নিক্বণ মিলনায়তনে “নৃত্যের মাধ্যমে সংস্কৃতির মেলবন্ধন দৃঢ় হোক” স্লোগানে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা নৃত্যগুরু হাসিব পান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানিবিজ্ঞানী ও বিশিষ্ট বেহালাবাদক প্রফেসর ইকবাল মতিন এবং জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড. ফারুক ফয়সাল।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বিশ্বজুড়ে নানা জাতি ও গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য থাকলেও নৃত্যই সেই সেতুবন্ধন, যা মানুষে মানুষে অনুভূতির যোগাযোগ স্থাপন করে। হস্তসঞ্চালন, অভিব্যক্তি ও ছন্দের সমন্বয়ে নৃত্য এক অনন্য শিল্পমাধ্যম, যা ভাষার সীমা অতিক্রম করে মনের কথা পৌঁছে দিতে সক্ষম।

পরবর্তীতে অনুষ্ঠিত নৃত্য সন্ধ্যায় মুগ্ধকর পরিবেশনা উপহার দেন নিক্বণের শিল্পীরা।নিক্বণের শিল্পীদের মধ্যে ফালাক, ঋদ্ধ, মানহা, কুহু, মীম, অয়ত্রী, নুসরাত, সুবাহ, মাইশা নওরীন, হিয়া, ত্রিদিতা, শ্রেয়া, বনশ্রী, নেহা ও হৃদি

অংশগ্রহন করে। প্রশিক্ষক আয়েশা আক্তার ডালিয়া এবং সহযোগী সাদিকা সারোয়ার উপমার পরিচালনায় শিশু নৃত্যশিল্পীদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে প্রাণবন্ত ও আকর্ষণীয়। তাদের সাবলীল উপস্থাপনা দর্শকদের মন ছুঁয়ে যায় এবং পুরো মিলনায়তন জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নূর হোসেন মিন্টু। এ সময় ভারতীয় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নৃত্যের ছন্দে, রঙে ও অনুভবে ভরপুর এ আয়োজন বিশ্ব নৃত্য দিবসকে দিয়েছে এক স্মরণীয় মাত্রা।

সংশ্লিষ্ট খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button