স্ট্রেংদেনিং কমিউনিটি রেজিলিয়েন্স ইন কুড়িগ্রাম’ প্রকল্পের উদ্বোধন ও পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে ১৯৯৬ সাল থেকে জাতীয় পর্যায়ে কাজ করে আসছে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)। এই ধারাবাহিকতায় আজ সোমবার (১ ডিসেম্বর) জার্মানভিত্তিক দাতা সংস্থা সিবিএম ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বাস্তবায়নাধীন ‘এ্যান্টিসিপেইট, ইনক্লুড, এ্যাক্ট: স্ট্রেংদেনিং কমিউনিটি রেজিলিয়েন্স ইন কুড়িগ্রাম’ প্রকল্পের উদ্বোধনী ও পরিচিতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নাহিদা আফরীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ এনামুল হক প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রকল্পের স্ব-সহায়ক দলের সদস্য এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ৪০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
কর্মশালায় সিডিডি’র প্রকল্প টিম প্রকল্পের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত প্রতিনিধিরা দুর্যোগ প্রস্তুতি, অন্তর্ভুক্তিমূলক মানবিক কার্যক্রম ও কমিউনিটি রেজিলিয়েন্স বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রকল্প দল এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রাপ্ত মতামত বাস্তবায়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন উপস্থিত সকলকে নিয়ে সমবেত স্বরে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে বিকেলে তিনি সমাপনী বক্তব্য দিয়ে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
সিডিডি’র প্রকল্পের লোকেশন কো-অর্ডিনেটর মোঃ মনোয়ার হোসেন উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।





