তৃণমূলের প্রতিভা খুঁজতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: ভূমি মন্ত্রী মিনু
তৃণমূলের প্রতিভা খুঁজতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: ভূমি মন্ত্রী মিনু
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, শিশু-কিশোরদের মাঝে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভাকে বিকশিত করতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
রোববার বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, “তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে। শিশুদের মধ্যে থাকা প্রতিভা খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিকশিত করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।”
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করতে হবে। আজকের এই প্রতিযোগীদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আঞ্চলিক পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিকেল থেকেই স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে মাঠে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। গ্যালারিজুড়ে ছিল অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও বর্ণিল সাজসজ্জায় পুরো স্টেডিয়াম প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা এবং রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।