বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিভাগের আট জেলার বালক-বালিকা গ্রুপের মোট ১৬টি দল তিন দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষক ও শিক্ষা অফিসাররা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইউনিয়ন থেকে উপজেলা এবং জেলা পর্যায় থেকে এখন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ দল নির্বাচনের জন্য এখানে নিয়ে এসেছে। রাজশাহী বিভাগে অনেক জায়গাতে খুব ভালো ফুটবল খেলা হয় এবং ভালো খেলোয়াড় আছে। আমাদের প্রত্যাশা থাকবে এই টুর্নামেন্ট থেকে অনেক ভালো বালক-বালিকা খেলোয়াড় বেরিয়ে আসবে।
জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্টে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস।