কর ও ভ্যাটের হার পুনর্বিবেচনা এবং সহজ শর্ত ও স্বল্প সুদে গৃহঋণ দাবি

রাজশাহীর আবাসন খাত ও মধ্যবিত্তের স্বপ্নকে টিকিয়ে রাখতে দু’টি জরুরী পদক্ষেপ চান রেডা নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৭:০১ পিএম আপডেট : ২৮ জুন ২০২৬, ০৬:২৯ পিএম ৫৯ বার পঠিত
রাজশাহীর আবাসন খাত ও মধ্যবিত্তের স্বপ্নকে টিকিয়ে রাখতে দু’টি জরুরী পদক্ষেপ চান রেডা নেতৃবৃন্দ
শনিবার দুপুরে রাজশাহীতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রেডার সম্পাদক আ.স.ম মিজানুর রহমান কাজী | ছবি: দৈনিক রাজশাহী

রাজশাহীর আবাসন খাত ও মধ্যবিত্তের স্বপ্নকে টিকিয়ে রাখতে দু’টি জরুরী পদক্ষেপ চান রেডা নেতৃবৃন্দ

দৈনিক রাজশাহী
২৭ জুন ২০২৬

রাজশাহীর আবাসন খাত এবং মধ্যবিত্তের স্বপ্নকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি অবিলম্বে দু’টি জরুরী পদক্ষেপ দাবি করেছেন রাজশাহীর রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (রেডা) নেতৃবৃন্দ। শনিবার (২৭ জুন) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এই দাবি জানান। 

সংবাদ সম্মেলনে তারা বলেন, নতুন ভ্যাট ও ট্যাক্স আরোপের সিদ্ধান্ত দেশের আবাসন খাতকে একটি দীর্ঘমেয়াদী সংকটে ঠেলে দিচ্ছে। সময়মত নীতিগত সংস্কার না করা হলে, এই স্থবিরতা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে একটি বড় বিপর্যয় ডেকে আনবে। উদ্ভূত পরিস্থিতির অবসানের জন্য তারা কর ও ভ্যাটের হার পুনর্বিবেচনা এবং সহজ ও স্বল্প সুদে গৃহঋণ প্রদানের দাবি জানান। 

লিখিত বক্তব্যে রেডার সাধারণ সম্পাদক আ.স.ম. মিজানুর রহমান কাজী বলেন, জমি হস্তান্তর, সাইনিং মানি এবং ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ওপর আরোপিত অতিরিক্ত কর এবং ভ্যাটের হার কমিয়ে একটি সহনীয় পর্যায়ে আনতে হবে। এতে জমির মালিক ও ক্রেতা উভয়ে উৎসাহিত হবেন এবং সরকারের প্রকৃত রাজস্ব আদায় বাড়বে। তিনি আরও বলেন, মধ্যবিত্তের জন্য দীর্ঘ মেয়াদী এবং একক অঙ্কের সুদে বিশেষ ঋণের ব্যবস্থা করতে হবে।   

তিনি বলেন, ডেভেলপারকে জমি দিয়ে মালিক যে ফ্ল্যাট পাবেন, সেই ফ্ল্যাটের বিপরীতেও ১৫ শতাংশ ক্যাপিটাল গেইনস ট্যাক্স আরোপের প্রস্তাব আবাসন খাতকে সংকটে ফেলবে। কারণ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজশাহী শহরে আবাসন মূলত যৌথ উন্নয়ন মডেলের ওপর নির্ভরশীল। এ ব্যবস্থায় জমির মালিক ও ডেভেলপার যৌথ চুক্তিতে ভবন নির্মাণ করেন। বিনিময়ে জমির মালিক নির্দিষ্টসংখ্যক ফ্ল্যাট বা আর্থিক সুবিধা পান।

তিনি বলেন, নতুন নিয়ম অনুযায়ী জমির মালিক ডেভেলপারের কাছ থেকে যে ফ্ল্যাট বা আর্থিক সুবিধা পাবেন, তার ওপর ১৫ শতাংশ ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে। অর্থাৎ জমির মালিক যদি ১০ কোটি টাকা মূল্যের ১০টি ফ্ল্যাট পান, তাহলে তাকে প্রায় দেড় কোটি টাকা কর দিতে হবে। এছাড়া সাইনিং মানি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি এবং বিক্রির ক্ষেত্রেও এই কর প্রযোজ্য হবে। ফলে জমির মালিকরা ডেভেলপারদের জমি দিতে আগ্রহ হারাবেন।

মিজানুর রহমান কাজী বলেন, কারও যদি দেড় কোটি টাকা কর পরিশোধের সক্ষমতা থাকে, তাহলে তিনি ডেভেলপারকে জমি না দিয়ে নিজেই ভবন নির্মাণ করবেন। সাধারণত আর্থিক সক্ষমতা না থাকায় জমির মালিকেরা ডেভেলপারের সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তি করেন। নতুন করনীতি কার্যকর হলে ডেভেলপারদের জমি সংগ্রহ কঠিন হবে। 

তিনি বলেন, নতুন শুল্ক আরোপ এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে প্রতিটন রড উৎপাদন খরচ প্রায় ১১ থেকে ১২ হাজার টাকা বেড়েছে। এর প্রভাব নির্মাণ ব্যয়ে পড়েছে। রাজশাহীতে আবাসন নির্মাণ ব্যয় প্রতি বর্গফুটে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা বেড়েছে। অন্যদিকে অতিরিক্ত গেইনস এবং স্থানীয় সরকার কর মিলিয়ে ফ্ল্যাট নিবন্ধনের খরচ প্রায় ১৩ শতাংশে পৌঁছেছে। ফলে মধ্যবিত্তের ফ্ল্যাট কেনা আরও কঠিন হবে।

তিনি আরও বলেন, আবাসনের সঙ্গে ইস্পাত, সিমেন্ট, ইট, আসবাবপত্রসহ ২৬৯টি সহযোগী শিল্পখাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আবাসনে স্থবিরতা সবশিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে দেশের আবাসনে প্রায় ৫০ লাখ মানুষ সরাসরি এবং প্রায় দেড় কোটি মানুষ পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন। নতুন প্রকল্প কমলে কর্মসংস্থানে বিরূপ প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলনে রেডার সিনিয়র সহসভাপতি, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈসা বলেন, সরকার বিভিন্ন খাতে রাজস্ব আহরণের চেষ্টা করছে। তবে আবাসন খাতে প্রস্তাবিত করের হার অত্যন্ত বেশি। তিনি সরকারের প্রতি বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, ১৫ শতাংশ কর পরিশোধে জমির মালিকদের আবাসনে অংশ নেওয়া কঠিন হবে।

সংবাদ সম্মেলনে রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সহসভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল বারী সওদাগর, অর্থ সম্পাদক এম.এম. সিহাব পারভেজ, পরিকল্পনা/তথ্য সম্পাদক উজ্জ্বল কবির, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ/ক্রীড়া সম্পাদক মাকসুদুল ইসলাম সুমন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতারুল হুদা রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।