শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম ২০ বার পঠিত
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

দৈনিক রাজশাহী
২১ জুল ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে ট্রেনে মারধরের অভিযোগের ঘটনায় অভিযুক্ত ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) সুমনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে দুটি কমিটি গঠনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ শেষে প্রায় ৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রাজশাহী মেট্টোপলিটন পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে আরেকটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে তিনি চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন। গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুরও সিদ্ধান্ত হয়েছে। সার্বিক অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি, তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এ ধরনের ঘটনার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছি।”

এর আগে মঙ্গলবার সকাল থেকে অভিযুক্ত টিটিইর শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে প্রায় আট ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ট্রেন চলাচল পুনরায় শুরু হয় এবং রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।