সাইবার ক্রাইম ইউনিটের উদ্ধার হারানো ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিল আরএমপি
সাইবার ক্রাইম ইউনিটের উদ্ধার হারানো ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিল আরএমপি
হারানো ১২৫টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাইবার ক্রাইম ইউনিট আয়োজিত অনুষ্ঠানে এসব ফোন তুলে দেন তিনি।
এদিকে হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ এবং আরএমপির প্রতি কৃতজ্ঞতা জানান। এদের মধ্যে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এসএম জার্জিস কাদির বলেন, ‘দীর্ঘদিন আগে হারানো মোবাইল ফোন ফিরে পাব, এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের আন্তরিকতা ও প্রযুক্তিগত দক্ষতায় ফোনটি ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও বিস্মিত। এ জন্য পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা চক্রবর্তী বলেন, ‘হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। সাধারণ ডায়েরির সূত্রধরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট যেভাবে প্রযুক্তির সহায়তায় ফোনটি উদ্ধার করেছে, তা সত্যিই প্রশংসনীয়। নাগরিকদের প্রতি পুলিশের এমন আন্তরিক ও জনবান্ধব সেবার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে আরএমপি কমিশনার বলেন, বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। মানুষের নিজের অর্জিত সম্পদের প্রতি স্বাভাবিক আবেগ ও টান থাকে। অনেকে অনেক দিনের সঞ্চিত অর্থে প্রয়োজন ও শখের মোবাইল ফোন কেনেন। সেই মোবাইল ফোনটি হারালে শুধু আর্থিক ক্ষতিই নয়; এর সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ, ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় নথিপত্র, পাসওয়ার্ড ও আর্থিক লেনদেনের তথ্যও ঝুঁকির মধ্যে পড়ে। ফলে মোবাইল হারানো অনেকের গভীর মানসিক কষ্ট ও উদ্বেগের কারণ হয়। তবে মোবাইল ফোন হারানোর পর অনেকের আইনি প্রক্রিয়ায় যেতে অনীহা থাকে।
তিনি আরও বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধারে পুলিশকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত এবং বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। প্রযুক্তির কৌশলগত কারণে হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারে দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন কাজ করতে হয়। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করে নাগরিকদের হাতে ফিরিয়ে দিতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উদ্ধার মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে পুলিশ কমিশনার সকলকে অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক এবং ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ও আইএমইআই নম্বর সংরক্ষণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহ্ মখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোঃ আবুল কালাম সাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।