রামিসা হত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রামিসা হত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজধানীতে শিশু রামিসা ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, চাঁদাবাজি ও সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২২ মে) জুম্মার নামাজের পর নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ছাত্রশিবির একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রতার কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় বক্তারা ইসলামী শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা কার্যকরের আহ্বান জানান।
বিক্ষোভে মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান, প্রচার ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান মাসুমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই দাবিতে নগরীর জিরোপয়েন্টে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশে বক্তারা রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান। কর্মসূচিতে বক্তারা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।