রাজশাহীতে ম্যাংগো ক্যালেণ্ডার ঘোষণা : গুটি আম ১৫ ও গোপালভোগ ২২ মে থেকে পাড়া যাবে
রাজশাহীতে ম্যাংগো ক্যালেণ্ডার ঘোষণা : গুটি আম ১৫ ও গোপালভোগ ২২ মে থেকে পাড়া যাবে
বরাবরের মত এবারো রাজশাহীতে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীর আমবাগান থেকে আগামী ১৫ মে চলতি মৌসুমের গুটিজাতের আমপাড়া ও বাজারজাত করা যাবে। এরপর ২২ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জনপ্রিয় জাতের সুস্বাদু আমপাড়া ও বিক্রির জন্য বাজারজাতের সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (১০ মে) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করেন জেলা প্রশাসক ও সভার সভাপতি কাজী শহিদুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত জাতের আম বাগানের গাছ থেকে পাড়া ও বিক্রির জন্য বাজারে আনা যাবে। এছাড়া আগামী ১০ জুন থেকে ল্যাংড়া ও বানানা ম্যাংগো এবং ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি আমপাড়া ও বাজারজাত করা যাবে। পরবর্তী ধাপে আগামী ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আমপাড়া ও বাজারজাত করা যাবে। অন্যদিকে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যাবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। সভায় আরও জানানো হয়, কিছু গুটি আম আগেই পেকে যায়। উপজেলা কৃষি কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে সেসব আম নির্ধারিত সময়ের আগেও সংগ্রহ করা যাবে।
সভার সভাপতি ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, অপরিপক্ব আম বাজারে আসা ঠেকাতে এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত আম প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম নামিয়ে বাজারজাত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলে সতর্ক করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলার ১৯ হাজার ৬২ হেক্টর জমির আমবাগান থেকে হেক্টরপ্রতি গড়ে ১২.৮৬ মেট্রিকটন হিসেবে ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। উক্ত আমের সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে ৭শ’ আশি কোটি ৭৮ লাখ ৮ হাজার টাকা। এছাড়া আম বাজারজাত সংশ্লিষ্ট শ্রমিক, পরিবহণ ও প্যাকেট খাতেও বিপুল অংকের আর্থিক লেনদেন হবে।