আদিবাসীদের অধিকার রক্ষা ও মূলস্রোতে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে
আদিবাসীদের অধিকার রক্ষা ও মূলস্রোতে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে
আদিবাসীদের ভূমি অধিকার, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার রক্ষা এবং উন্নয়নের মূলধারায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে দীর্ঘমেয়াদি, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দাবি আদায়ে সম্মিলিত ও জোরদার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজশাহীর একটি রেস্টুরেন্টে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬’ উপলক্ষ্যে এএলআরডি, রুলফাও, সামাজিক কল্যাণ সংস্থা ও মাশাউসে’র আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রুলফাও নির্বাহী পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে ও সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী শহর সমাজসেবা অফিসার মো. আব্দুল মমিন। বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় ও মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন আসুস নির্বাহী পরিচালক রাজকুমার শাও, পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ, বারসিকের আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলাম, বেলার বিভাগীয় সমন্বয়ক তন্ময় কুমার সান্যাল, দিনের আলো হিজরা সংঘের সভাপতি মিস মোহনা, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমব্রম, সাবিত্রী হেমব্রম, উপেন রবিদাস ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম সভাপতি আতিকুর রহমান সহ বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজের প্রতিনিধিবৃন্দ, আদিবাসী উন্নয়ন ও অধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনায় সমতল তথা বরেন্দ্র অঞ্চলের আদিবাসীদের বিদ্যমান সংকট ও অধিকার বঞ্চনার বিষয় উঠে আসে। বক্তারা বলেন, আদিবাসীদের ভূমি রক্ষা, অবৈধ দখল ও উচ্ছেদ বন্ধে কার্যকর আইনগত সুরক্ষা নিশ্চিত জরুরি। আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে। জাতীয় স্বার্থে গৃহীত প্রকল্পের সুফল প্রান্তিক আদিবাসীদের নিকট পৌঁছাতে হবে। সরকারি ও সমাজসেবা অধিদপ্তরের সুযোগ-সুবিধা সুষমভাবে বণ্টনে বিশেষ গুরুত্ব দিতে হবে।