রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও গুলির চালান জব্দ : নারীসহ আটক ২

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:৫১ পিএম আপডেট : ০২ জুন ২০২৬, ০৫:১৯ পিএম ২৫ বার পঠিত
রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও গুলির চালান জব্দ : নারীসহ আটক ২

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও গুলির চালান জব্দ : নারীসহ আটক ২

দৈনিক রাজশাহী
০২ জুন ২০২৬

উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই আগ্নেয়াস্ত্র ও গুলির  চালান আটক করেছে রাজশাহীর গোদাগাড়ী পুলিশ। 

মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এই অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি ছাড়াও একটি প্রাইভেটকার, এক তরুণী ও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

অভিযানে অংশ নেন রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা মো. আব্দুস ছালাম। অভিযানে সময় প্রাইভেটকারের ব্যাকডালা তল্লাশি করে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকরা হলেন- দুলাল শেখ (৩৬) এবং সানজিদা আকতার শিমু (১৮)। দুলাল কুষ্টিয়া সদরের বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা। সানজিদাও একই এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে খবর পান যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা নারীসহ দুইজনকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার আটকদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।