রাজশাহী সিল্কের ঐতিহ্য ফেরাতে ব্র্যাককে এগিয়ে আসার আহবান ভূমি মন্ত্রী মিনু’র

দৈনিক রাজশাহী প্রকাশ : ১৫ মে ২০২৬, ০১:০৯ পিএম আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:০২ এএম ৪৯ বার পঠিত
রাজশাহী সিল্কের ঐতিহ্য ফেরাতে ব্র্যাককে এগিয়ে আসার আহবান ভূমি মন্ত্রী মিনু’র

রাজশাহী সিল্কের ঐতিহ্য ফেরাতে ব্র্যাককে এগিয়ে আসার আহবান ভূমি মন্ত্রী মিনু’র

দৈনিক রাজশাহী
১৫ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ঐতিহ্যবাহী ‘রাজশাহী সিল্ক’ বা রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শুক্রবার সকালে রাজশাহীতে ব্র্যাকের রাজশাহী বিভাগের বার্ষিক প্রতিবেদন-২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাজশাহীর পাটের ঐতিহ্য কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প ক্রমেই বিলুপ্তির পথে। এ শিল্পকে পুনরুজ্জীবিত করতে ব্র্যাকের মতো বড় উন্নয়ন সংস্থার অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন।’

তিনি আরও বলেন, ব্র্যাকের বিভিন্ন খাতে বিস্তৃত কার্যক্রম এবং আর্থিক ও সামাজিক উন্নয়নমূলক অভিজ্ঞতা রয়েছে। সেই শক্তিকে কাজে লাগিয়ে রাজশাহীর রেশম শিল্পকে আবারও ঘুরে দাঁড় করানো সম্ভব।

ভূমি মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন খাতে কাজ করলেও নিজ দেশে বিশেষ করে রাজশাহীর উন্নয়নে ব্র্যাককে আরও বেশি ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই ঐতিহ্যবাহী শিল্পকে পুনরায় আন্তর্জাতিকভাবে পরিচিত করার উদ্যোগ ব্র্যাক নেবে।

অনুষ্ঠানে পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানান। তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে। কৃষিপণ্য রপ্তানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, মোহনপুর এলাকার অন্যতম অর্থকরী ফসল পান দীর্ঘদিন ধরে ভাইরাসজনিত রোগে আক্রান্ত। এ সমস্যার স্থায়ী সমাধানে গবেষণা বাড়াতে হবে।

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি আধুনিক পানি সংরক্ষণ ব্যবস্থা ও সোলার বিদ্যুৎ প্রকল্প গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ের ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর চাপ কমানোরও পরামর্শ দেন।

ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ বলেন, ব্র্যাকের বড় অংশের কার্যক্রম নিজেদের অর্থায়নে পরিচালিত হয়। মানুষের প্রয়োজন অনুযায়ী তারা স্বাধীনভাবে উন্নয়নমূলক কাজ করতে পারে। তিনি বলেন, ব্র্যাকের মূল দর্শন হলো মানুষের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা। এটি শুধু একটি সংস্থা নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠান।

রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক মোঃ শাহজাহান নারী নির্যাতন, মাদক, কিশোর গ্যাং ও নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ ফরিদ উদ্দীন খান প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ব্র্যাককে আরও বিস্তৃতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জাওয়াদুল হক। এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন ড্যাব নেতা ডা. ওয়াসিম হোসেন, আইনজীবী এনামুল হক, সাবেক সংরক্ষিত কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, নাগরিক সংগঠক সফিউদ্দিন আহমেদ প্রমুখ।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে রাজশাহী বিভাগে ২০ হাজার ৭৫২টি অতিদরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০৩টি পরিবার অতিদারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। জলবায়ু সহনশীলতা কার্যক্রমে সহায়তা পেয়েছেন ১১ হাজার ৪৫১ জন। এছাড়া ১ হাজার ৫৬৫ জন প্রতিবন্ধী ব্যক্তি সহায়তা পেয়েছেন।

ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রায় ২১ লাখ সদস্য যুক্ত আছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী। এছাড়া শত শত বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। স্বাস্থ্যসেবা কার্যক্রমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, গর্ভবতী নারীদের প্রসবপূর্ব সেবা, নিরাপদ প্রসব, চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশনসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনার কথাও অনুষ্ঠানে জানানো হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।