কিশোরগঞ্জের প্রতারক জিনের বাদশা রাজশাহীতে পুলিশ রিমান্ডে

দৈনিক রাজশাহী প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:৩৭ এএম আপডেট : ১২ মে ২০২৬, ১১:৫৪ এএম ৮ বার পঠিত
কিশোরগঞ্জের প্রতারক জিনের বাদশা রাজশাহীতে পুলিশ রিমান্ডে

কিশোরগঞ্জের প্রতারক জিনের বাদশা রাজশাহীতে পুলিশ রিমান্ডে

দৈনিক রাজশাহী
১২ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে ‘জিনের মাধ্যমে দাম্পত্য সমস্যা সমাধান’ করার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে নগদ ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ ৮০ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় প্রতারক চক্রের সদস্য তপু আকুনজি (৩৫) কে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার (১১ মে) মামলার তদন্ত কর্মকর্তা নগরীর চন্দ্রিমা থানার এসআই মাসুদ তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট-৫ আদালতের বিচারক হাসিবুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার তপু আকুন্নজি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ইসলামপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে আলাদা বসবাস করছিলেন। চলতি বছরের ১ এপ্রিল তিনি ফেসবুকে “মাওলানা আব্দুর সিদ্দিকুর রহমান” নামের একটি আইডিতে দাম্পত্য সমস্যা সমাধানের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন।

এরপর প্রতারক চক্রটি ‘জিনের মাধ্যমে সমাধান’ দেওয়ার কথা বলে ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য, গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরে বিভিন্ন সময় ‘নূর জাহান পাথর’, ‘দাফনের কাপড়’ ও ধর্মীয় সামগ্রী কেনার কথা বলে বিকাশের মাধ্যমে একাধিক নম্বরে টাকা পাঠাতে বাধ্য করা হয় তাকে।

একপর্যায়ে ভুক্তভোগীকে রাজশাহীর মেহেরচণ্ডি ফ্লাইওভার এলাকায় স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যেতে বলা হয়। সেখানে পূর্বনির্ধারিত এক ব্যক্তির কাছে তিনি প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকার স্বর্ণালংকার এবং ৮০ হাজার টাকা নগদ তুলে দেন। সব মিলিয়ে প্রতারক চক্রটি তার কাছ থেকে প্রায় ৩ লাখ ৮০ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয়।

এতেই শেষ হয়নি প্রতারণা। পরে আরও আড়াই লাখ টাকা দাবি করে ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয়। টাকা না দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

ঘটনার পর গত ১৯ এপ্রিল ভুক্তভোগী নারী রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ ও র‍্যাব যৌথভাবে অভিযান চালিয়ে গত ৫ মে কিশোরগঞ্জ থেকে তপু আকুন্জিকে গ্রেপ্তার করে। পরে তাকে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।