ফারাক্কা দিবসে রাজশাহীতে মানববন্ধন

গোলামির চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:৪৯ এএম আপডেট : ১৭ মে ২০২৬, ০৪:১২ এএম ৪৬ বার পঠিত
গোলামির চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই

গোলামির চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই

দৈনিক রাজশাহী
১৬ মে ২০২৬

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে ‘গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পদ্মাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো ভয়াবহ পানিশূন্যতায় পড়েছে। নদীর নাব্যতা কমে যাওয়ায় কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও নৌ-চলাচলে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রতি বছর শুষ্ক মৌসুমে পদ্মার বুকজুড়ে জেগে উঠছে বিস্তীর্ণ বালুচর। এতে নদীকেন্দ্রিক জীবিকা ও জনজীবন হুমকির মুখে পড়েছে বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা আরও বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। একই সঙ্গে গঙ্গার পানির ন্যায্য অধিকার আদায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নদীর পানিবণ্টনে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। গঙ্গার পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ও শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশের নদীগুলো রক্ষায় দীর্ঘমেয়াদি জাতীয় পরিকল্পনা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার উপদেষ্টা ডা. ওয়াসিম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, সাংবাদিক মঈন উদ্দিন, ডালিম হোসেন শান্ত, সোহেল মাহবুবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের রাজশাহী শাখার সভাপতি প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসুদ। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবীব।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।