এমপি চাঁদের উদ্যোগে ১১ দিন পর দেশে ফিরল ভারতে আটক ৫ বাংলাদেশি

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ এএম ১৮ বার পঠিত
এমপি চাঁদের উদ্যোগে ১১ দিন পর দেশে ফিরল ভারতে আটক ৫ বাংলাদেশি
শুক্রবার সন্ধ্যায় ভারত থেকে ফিরে আসা ৫ বাংলাদেশির সাথে বাঘা উপজেলার আলাইপুর বিজিবি ক্যাম্পে এমপি আবু সাঈদ চাঁদ | ছবি: দৈনিক রাজশাহী

এমপি চাঁদের উদ্যোগে ১১ দিন পর দেশে ফিরল ভারতে আটক ৫ বাংলাদেশি

দৈনিক রাজশাহী
১৮ সেপ্টে ২০২৬

ভুলবশতঃ সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়া ৫ বাংলাদেশিকে আটক করেছিল বিএসএফ। রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদের উদ্যোগ ও বিজিবি’র ধারাবাহিক যোগাযোগের ফলে ১১ দিন পর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঐ বাংলাদেশিরা ভারতের সাগরপাড়া বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশের আলাইপুর বিজিবি ক্যাম্প হয়ে দেশে ফিরেন। পরে বিজিবি ক্যাম্প সংলগ্ন পদ্মার পারে সকলকে স্বজনদের কাছে হস্তান্তর করেন এমপি আবু সাইদ চাঁদ।

এরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউপির আলাইপুর মধ্যপাড়ার পাট ব্যবসায়ী মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী এবং নৌকার মাঝি সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম। 

স্থানীয়রা জানান, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকায় বাঘায় ফিরছিলেন। পদ্মার তীব্র স্রোত ও অন্ধকারে ভুলবশতঃ সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় আড়াই কিলোমিটার ভেতরে ঢুকে পড়লে বিএসএফ টহল সদস্যরা তাদের আটক করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা বিজিবি’র আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। এরপর বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়। বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আটকদের ফেরত দিতে অস্বীকার করেন।

এদিকে বিষয়টি জানার পর এমপি আবু সাইদ চাঁদ তাদের ফিরিয়ে আনতে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন এবং বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ করেন। এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ৫ বাংলাদেশিকে ছেড়ে দেয় বিএসএফ। তবে আটক পাটসহ নৌকা ও টাকা বিএসএফ পরে ফেরত দিবে বলে জানানো হয়েছে। 

তাদের স্বজনের কাছে হস্তান্তরের সময় এমপি আবু সাইদ চাঁদ বলেন, ‘এলাকার প্রতিটি নাগরিক আমার কাছে নিজের সন্তানের মতো। তারা রাতের অন্ধকারে ভুলবশত বিএসএফের হাতে আটক হওয়ায় আমি কখনো ভারতীয় সহকারী হাইকমিশনে, কখনো বিজিবি’র সঙ্গে যোগাযোগ করেছি। সকলকে পরিবারের ফিরিয়ে দিতে পেরে আমি খুশি।’ এসময় চারঘাট পৌর এবং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।