ঈদ-উল আযহা উপলক্ষ্যে আরএমপি কমিশনারের সিটি হাট ও নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিদর্শন
ঈদ-উল আযহা উপলক্ষ্যে আরএমপি কমিশনারের সিটি হাট ও নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিদর্শন
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল ও নিরাপত্তা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফায়েজুল কবির। আজ সোমবার ( ২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি নগরীর সিটি হাট পরিদর্শন করেন।
এসময় আরএমপি কমিশনার রেলস্টেশন, বাসস্টেশন, ভদ্রা মোড় ও সাহেববাজার জিরোপয়েন্টসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি গরুর হাটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে নগরীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা প্রদান করেন।
এদিকে আরএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।