ঈদ নিরাপত্তায় আরএমপির বিশেষ নির্দেশনা: আজ থেকে বাইক রেসিং নিষিদ্ধ

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:২৯ এএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:৪৬ পিএম ২৪ বার পঠিত
ঈদ নিরাপত্তায় আরএমপির বিশেষ নির্দেশনা: আজ থেকে বাইক রেসিং নিষিদ্ধ

ঈদ নিরাপত্তায় আরএমপির বিশেষ নির্দেশনা: আজ থেকে বাইক রেসিং নিষিদ্ধ

দৈনিক রাজশাহী
২৫ মে ২০২৬

পবিত্র ঈদুল আযহা উৎসবকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ উপলক্ষে বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, বিপণিবিতান এবং পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা কামনা করে একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির পশুবাহী যানবাহনে নির্ধারিত স্থান থেকে পশু উঠানো-নামানো নিশ্চিত করতে হবে। পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল নোট চক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। পশু বিক্রির অর্থ নিরাপদে ব্যাংকে জমা রাখা এবং নগদ অর্থ পরিবহনের ক্ষেত্রে আরএমপির মানি এস্কর্ট সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

পশু পরিবহন ও হাটকেন্দ্রিক চাঁদাবাজির তথ্য থাকলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অনলাইনে কোরবানির পশু কেনাবেচার ক্ষেত্রে প্রতারণা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রাস্তার ওপর পশু জবাই না করে সিটি করপোরেশন বা স্থানীয়ভাবে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করতে হবে এবং দ্রুত বর্জ্য অপসারণে সহযোগিতা করতে হবে।

ঈদের ছুটিতে ফাঁকা থাকা বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের দায়িত্ব বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, দরজা-জানালায় নিরাপদ তালা ব্যবহার, মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সংরক্ষণ এবং প্রতিবেশীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভাড়াটিয়াদের ঈদে বাসায় অনুপস্থিত থাকার বিষয়টি আগেই বাড়ির মালিককে জানাতে বলা হয়েছে।

সন্দেহজনক ব্যক্তি বা কোনো অপরাধীকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় থানা বা পুলিশ ফাঁড়িকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা থাকলেও দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে ব্যক্তিগত মোটরসাইকেল বা গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে ‘জয় রাইড’ না দেওয়ার জন্যও সতর্ক করেছে আরএমপি। জরুরি পুলিশি সহায়তার জন্য আরএমপি হটলাইন ০১৩২০০৬৩৯৯৯, কন্ট্রোল রুম ০১৩২০০৬৩৯৯৮ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর সংশ্লিষ্ট ধারার অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় আজ ২৫ মে সন্ধ্যা ৬টা থেকে ৩১ মে সকাল ৬টা পর্যন্ত সব ধরনের অস্ত্রশস্ত্র বহন (সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অনুমোদিত নিরাপত্তাকর্মী ব্যতীত), আতশবাজি ও পটকা ফুটানো, বাইক রেসিং, ডিজে পার্টি, লাউড স্পিকার ব্যবহার এবং বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে অনুমোদিত বারসমূহ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত পৃথক সাধারণ নির্দেশনা ও গণবিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।