দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৩:২১ পিএম আপডেট : ১৮ মে ২০২৬, ০৪:১৬ এএম ১৩ বার পঠিত
দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

দৈনিক রাজশাহী
১৭ মে ২০২৬

রাজশাহীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাসের পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রববার (১৭ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন।

তিনি জানান, রায়ে আদালত দণ্ডবিধির ১৬১ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন। এছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
মামলার বিবরণে প্রকাশ, ২০১৯ সালের ১৪ মে গোদাগাড়ী পৌর সদরের সরমঙ্গলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য স্থানীয় আব্দুল বাতেন আবেদন করেন। নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাস তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী প্রথমে ৭ হাজার টাকা দিতে বাধ্য হন। পরে বিষয়টি দুদকের জেলা কার্যালয়ে জানানো হলে দুদক ফাঁদ পাতে।

ওইদিন দুপুর ২টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের জেলা কার্যালয়ের উপপরিচালক মোরশেদ আলম এবং মামলার বাদী উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল নৃপেন্দ্র নাথ দাসকে হাতে-নাতে আটক করেন। পরে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।