বিএমডিএ'র সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দু’দিনের প্রশিক্ষণ শুরু
বিএমডিএ'র সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দু’দিনের প্রশিক্ষণ শুরু
সেচ ব্যবস্থাপনা আরও কার্যকর, টেকসই ও আধুনকায়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এবং সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকার সার্বিক সহযোগিতায় ৭ ও ৮ অক্টোবর এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্ভোধন করেন বিএমডিএ নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান। কোর্স পরিচালক রয়েছেন বিএমডিএ’র গবেষণা ও প্রশিক্ষণ শাখার প্রধান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান। এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, সচিব মোঃ মেহেদী হাসান ও নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার ও এএসএম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সংশিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, সেচ ব্যবস্থার দক্ষ পরিচালনা, যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে একদিকে যেমন সেচব্যবস্থার স্থায়িত্ব বাড়ানো সম্ভব, অন্যদিকে অপ্রয়োজনীয় ব্যয় ও যান্ত্রিক ত্রুটি কমানো সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন অনেকাংশেই সেচ ব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই সেচযন্ত্র ও সংশিষ্ট অবকাঠামোর সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তা-কর্মচারীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে সেচ ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনতে হবে। সেচযন্ত্রে ছোটখাটো ত্রুটি সময়মতো শনাক্ত ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা গেলে বড় ধরনের ক্ষতি এবং অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব। মাঠপর্যায়ে কৃষক যেন নিরবচ্ছিন্ন ও সময়মতো সেচ সুবিধা পান, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিএমডিএ’র সেচ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণে বিদ্যুৎচালিত বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট ও টুলসের পরিচিতি ও ব্যবহার, সাবমার্সিবল পাম্পের প্যানেল বোর্ড, বিভিন্ন যন্ত্রাংশ, সার্কিট ডায়াগ্রাম, স্টার-ডেল্টা কানেকশন, বৈদ্যুৎতিক লাইনে ব্যবহৃত মালামাল, এসি/ডিসি কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর ও বৈদ্যুৎতিক নিরাপত্তা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ, কার্যাবলি, ত্রুটি শনাক্তকরণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ সহ সেচযন্ত্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কোর্স সমন্বয়ক রয়েন মোঃ কাজী আশেকুর রহমান নির্বাহী প্রকৌশলী গবেষণা ও প্রশিক্ষণ শাখা বিএমডিএ। খান জাফরুল মেহেদী মাহমুদ উপ-সহকারী প্রকৌশলী, মোঃ হাবিবুর রহমান মেকানিক, মোঃ আপেল মাহমুদ সহকারী মেকানিক, মোঃ শাহ জামান কার্য-সহকারী, মোঃ শহিদুল ইসলাম সহকারী মেকানিক, মোঃ জহিরুল ইসলাম মেকানিক সহকারীসহ (অনিয়মিত) রাজশাহী, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, চাটমোহর ও পাবনাসহ বিভিন্ন জোন ও রিজিয়নের ৩০ জন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিএমডিএ সংশিষ্ট কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কারিগরি কর্মকর্তারা প্রশিক্ষক রয়েছেন।