চারঘাটের শলুয়া থেকে ৭৫ কেজি গাঁজাসহ চাচা-ভাতিজি গ্রেপ্তার
চারঘাটের শলুয়া থেকে ৭৫ কেজি গাঁজাসহ চাচা-ভাতিজি গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৪ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি দল শলুয়া ইউনিয়নের লাইলি আক্তারের বাড়িতে এই অভিযান চালায়।
অভিযানে বাড়িটি থেকে ৩৫টি পোটলায় রাখা ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মফেজ আলী ও লাইলি আক্তার নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা সম্পর্কে চাচা-ভাতিজি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ নিয়ে চলতি মাসে বিভাগের আট জেলায় ৫১৬টি মাদকের মামলা হল। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হয়েছে।