মাত্র ৪৫০ টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মর্মান্তিক মৃত্যু
মাত্র ৪৫০ টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মর্মান্তিক মৃত্যু
রাজশাহীতে বন্ধু আশিকুর রহমান (২৮) কে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই বন্ধু ফয়সাল আলী জয় (২৬)। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ধার নেওয়া ৪৫০ টাকা আশিকুর ফেরত না দেওয়ায় ফয়সাল এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে।
নিহত আশিকুর জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। আর তার বন্ধু ফয়সাল আলী জয় মোন্তাজ আলীর ছেলে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে। পেশায় তিনি অটোরিকশার চালক। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।
দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গত ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা চাইতে আশিকুরের বাড়ি যান। তখন দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ফয়সাল. আশিকুরের বাড়ি থেকে ফিরে আসেন। বেলা ১১টার দিকে তিনি ভাড়া মারতে অটোরিকশা নিয়ে বের হন। তখন আবার আশিকুরের সঙ্গে তার দেখা হয়। এ সময় তাদের মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের হাতাহাতিতে লিপ্ত হয়। তখন ফয়সাল ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করেন। এরপর ফয়সাল কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর ফয়সালকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। পরে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। সেই মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে আসামিকে রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্যদিকে ময়নাতদন্তের পর নিহত যুবকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।