প্রাইভেট কোচিং বাণিজ্যে প্রশাসনের নিরবতার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রাইভেট-কোচিং বাণিজ্যে প্রশাসনের নিরবতা-উদাসীনতার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন অভিভাবক ও ক্যাব ইউথ গ্রুপ। শনিবার (১ নভেম্বর) বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধন থেকে অগ্রিম কোর্স ফি বাতিল, মাসিক ফি নির্ধারণ, প্রত্যেক ব্যাচে আসন সংখ্যা নির্ধারণসহ ১১ দফা দাবি জানানো হয়।
মানববন্ধনে অভিভাকরা বলেন, শিক্ষা নগরী খ্যাত রাজশাহীতে এখন শিক্ষা প্রাইভেট-কোচিং নির্ভর হয়ে পড়ছে। এই সুযোগে প্রাইভেট-কোচিংগুলো মাসিক বেতনের পরিবর্তে কোর্স ফি চালু করেছে। পড়াশুনা না হলেও সংশ্লিষ্টরা মুনাফার জন্য শিক্ষার্থীদের ধরে রাখছে। সব শিক্ষার্থীর প্রতি শিক্ষক-ভাইয়াদের সুনজর নেই। অভিভাবকদের কষ্টার্জিত অর্থব্যয়ের সুফল আসছে না।
মানববনন্ধনে বৃহত্তর রাজশাহীতে কোচিং সেন্টারের সার্বিক চিত্র তুলে ধরে অভিভাবকরা বলেন- অগ্রিম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণ করা (যা মাসের শুরুতে ১ হতে ৭ তারিখে পরিশোধ যোগ্য) করতে হবে। প্রতি ব্যাচে আসন নির্ধারণ (জাতীর মডেল অনুসরণে) করতে হবে। বার্ষিক পরীক্ষার পূর্বে ভর্তি বন্ধ করতে হবে। প্রত্যেক ব্যাচের সকল শিক্ষার্থীর পড়া ক্লাসে আদায় করে নিতে হবে। টাকার জন্য শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার ও ক্লাস থেকে বের করে দেওয়া বন্ধ করতে হবে। কোর্স ফি’র নামে ৩ মাস আগে টাকা নেওয়া মূলত ৯ মাস আগাম টাকা গ্রহণ বুঝায়, এটি বন্ধ করতে হবে। অগ্রিম টাকা নেওয়ায় কোচিং প্রাইভেট সেন্টারগুলো ষান্মাসিক ও বার্ষিক কোর্স সঠিকভাবে সমাপ্ত করে না। একটি অধ্যায় শেষ না করে টাইম পাস মূলক পরীক্ষা, যেটি অধ্যায় শেষ করে কয়েকটা পরীক্ষা নেওয়া উচিৎ। ছাত্র-ছাত্রীরা দাঁড়িয়ে প্রশ্ন করলে নানাভাবে বকা দেওয়া হয়। ক্লাসে কারো প্রশ্ন করার সুযোগ নাই। ছাত্র-ছাত্রীদের বসার জন্য যে বেঞ্চ ব্যবহার করা হয় তা এত ঘন যা সবার বসার জন্য উপযোগী নয় বা কষ্টকর। বেঞ্চগুলো একটির সাথে আরেকটি লাগানো থাকে, সরনো যায় না। পারিবারিক গল্প শোনা, শিক্ষকের গল্প বলে সময় শেষ কর হয়।
মানববন্ধনে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি আহ্বায়ক এড. এনামুল হক, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, জিটিভি’র রাজশাহীর রিপোর্টার রাশেদ রিপন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পরিচালক মো. মতিউর রহমান, ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, বরেন্দ্র ফোরাম রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ক্যাব ইউথ গ্রুপের সভাপতি মো. জুলফিকার হায়দার, শিক্ষার্থীদের অভিভাবক আব্দুল হাকিম, মামুনুর রশিদ, আব্দুল হাকিম, আতিকুর রহমান ও ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।





