বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তরুণ গ্র্যাজুয়েটদের আইসিটি ও জাপানি ভাষার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিবে

অনলাইন ডেস্ক : প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ এএম ৪৩ বার পঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তরুণ গ্র্যাজুয়েটদের আইসিটি ও জাপানি ভাষার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিবে
আজ দুপুরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে সিসিপের অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর তা প্রদর্শন করেন | ছবি: দৈনিক রাজশাহী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তরুণ গ্র্যাজুয়েটদের আইসিটি ও জাপানি ভাষার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিবে

দৈনিক রাজশাহী
০৮ সেপ্টে ২০২৬

দেশ-বিদেশের শ্রমবাজারে কর্মসংস্থান বৃদ্ধিতে রাজশাহীসহ উত্তরাঞ্চলের তরুণ গ্র্যাজুয়েটদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং জাপানি ভাষার উপর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সমঝোতা এক স্মারকে স্বাক্ষর করেছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে সিসিপের পক্ষে অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

এসময় যুগ্মসচিব ও সিসিপের উপ-নির্বাহী প্রোগ্রাম পরিচালক মাইনুল হাসান; উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ড. মো. মতিউর রহমান; উপসচিব ও সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক মৌরীন করিম; বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামিম আহসান পারভেজ, জনস্বাস্থ্য কর্মসূচির ভিজিটিং প্রফেসর ড. মো. মুনসুর আহমেদ ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. খালেদ বিন ইউসুফসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। 

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এই কর্মসূচির আওতায় ক্লাউড কম্পিউটিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রশিক্ষণ এবং নেটওয়ার্ক প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি জাপানে কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় জাপানি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সনদ অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে জানানো হয়, অক্টোবর-২০২৬ থেকে জুলাই-২০২৮ পর্যন্ত ১ হাজার ২০০ গ্রাজুয়েটকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রাজশাহী কেন্দ্রে ৪৫০ এবং ঢাকার কেন্দ্রে ৭৫০ জন প্রশিক্ষণ নিবেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়নের সুযোগ তুলনামূলক সীমিত। এ কর্মসূচি উত্তরাঞ্চলের গ্র্যাজুয়েটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক বলেন, শুধু একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের চাহিদামত দক্ষতা প্রয়োজন। সিসিপের অন্যতম লক্ষ্য শিক্ষাব্যবস্থা ও শিল্পখাতের দূরত্ব কমিয়ে দক্ষ ও কর্মোপযোগী জনশক্তি তৈরি করা। এ কর্মসূচির আওতায় প্রশিক্ষণার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক চাকরিতে সহায়তা, নিয়োগদাতা ও জনশক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শিল্পের চাহিদামত দক্ষ জনশক্তি তৈরি ও জাপানসহ আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।