সততা ও নিষ্ঠার সাথে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে
রাজশাহী মতবিনিময় সভায় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি

নিজস্ব প্রতিবেদক :
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, ‘আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত, সততা ও নিষ্ঠার সাথে সুচারুভাবে পালন করবেন।’ গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমি মন্ত্রী বলেন, ‘আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ ভূমি মন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না। সততা ও নিষ্ঠার সাথে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখি মনোভাব নিশ্চিত করবেন। কারণ জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।’
পবিত্র রমজানে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে ভূমি মন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন আঠারো ঘণ্টা কাজ করছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে। এখন থেকে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যে পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
সভায় কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতবিনিময় সভাটি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।





