‘সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত সচেতন ভোটার’
রাজশাহীতে ‘লাইট হাউজে’র মতবিনিময় সভায় অভিমত

নিজস্ব প্রতিবেদক
‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত সচেতন ভোটার।’ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর বোয়ালিয়া ক্লাব মিলনায়তনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ‘নারী, যুব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা প্রকল্পে’র আওতায় মানবাধিকার সংগঠন ‘লাইট হাউজ’ আয়োজিত বিভাগীয় পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে ভোটার শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ অপরিহার্য। ভোটাধিকার প্রয়োগের পদ্ধতি, নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভোটাররা অবগত থাকলে অনিয়ম ও বিভ্রান্তি কমে। এ ক্ষেত্রে লাইট হাউজের উদ্যোগ প্রশংসার দাবিদার।
সভার সঞ্চালক লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ বলেন, ‘দেশের ৩০টি ইউনিয়নে নারী, প্রতিবন্ধী নারী, যুবক, প্রথম ভোটার, হিজড়া ও যৌনকর্মীসহ সংখ্যালঘুদের মধ্যে ভোটাধিকার, নির্বাচন ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলছে। গ্রামীণ ভোটার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সঠিক তথ্য পৌঁছানো প্রকল্পের উদ্দেশ্যে। প্রকল্পের আওতায় রাজশাহীসহ ৩টি জেলার ৩০টি ইউনিয়নে নারীদের উঠান বৈঠক, ইউনিয়ন নারী ফোরাম প্রশিক্ষণ, কলেজ ক্যাম্পেইন, সামাজিকমাধ্যম প্রচারণা, হিজড়া ও যৌনকর্মীদের বিশেষ প্রশিক্ষণ, মাইকিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিডিও স্ক্রিনিং ও তথ্য-শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়া গণভোটের প্রচারণা জোরদার করা হয়েছে।
সভায় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, যুবউন্নয়ন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মোছা. শামসুন নাহার খাতুন, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ড. আইনুল হক, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, ডাসকো ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম খান, আসুসের নির্বাহী পরিচালক রাজ কুমার শাও, লাইট হাউজের জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন ও এসিডি’র প্রজেক্ট কোঅর্ডিনেটর সুব্রত কুমার পাল বক্তব্য দেন। সভায় সরকারি কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ, যুব সংগঠন, সাংস্কৃতিক দল ও সাংবাদিকেরা অংশ নেন।





